দুটি কলেজে ভর্তি বন্ধ করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে উচ্চমাধ্যমিকে অপেক্ষমাণ তালিকার পছন্দের প্রার্থীদের ভর্তি না করায় ছাত্রলীগের নেতারা গতকাল সোমবার ভর্তি কার্যক্রম বন্ধ করে দেন৷ পরে পুলিশের হস্তক্ষেপে আবার ভর্তি কার্যক্রম শুরু হয়৷
একই দিন কোটার দাবিতে খুলনার সরকারি সিটি কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি কার্যক্রম ছাত্রলীগের নেতা-কর্মীরা বন্ধ করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১৫ মিনিট বন্ধ থাকার পর পুলিশের উপস্থিতিতে ভর্তি-প্রক্রিয়া আবার শুরু হয়৷
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর জেলা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রওশন ইকবাল এবং জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুর রহমানের নেতৃত্বে সংগঠনের ২০-২৫ জন নেতা-কর্মী দুপুর ১২টার দিকে ওই কলেজের অধ্যক্ষ এস এম এবাদুল হকের কার্যালয়ে গিয়ে মেধাতালিকা বন্ধ রেখে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির দাবি জানান। তাঁদের দাবি মানা সম্ভব হবে না বলে জানালে তাঁরা ওই কার্যালয় থেকে বের হয়ে ভর্তি কার্যক্রম চলা কক্ষের দরজায় লাথি মারেন এবং ভর্তি কার্যক্রম বন্ধ রাখতে বলেন৷ এরপর কলেজের অধ্যক্ষ ভর্তি কার্যক্রম বন্ধ রেখে ঘটনাটি পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতাদের জানান। বেলা পৌনে একটার দিকে ক্যাম্পাসে পুলিশ পৌঁছালে পুনরায় ভর্তি কার্যক্রম শুরু করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, কলেজের আবদুল হাই কলা ভবনের সামনে মেধাতালিকার শিক্ষার্থী ও অভিভাবকেরা রোদের মধ্যে লাইরে দাঁড়িয়ে রয়েছেন। হাত গুটিয়ে বসে রয়েছেন ভর্তির কাজের সঙ্গে সম্পৃক্ত কর্মচারীরা। একপর্যায়ে পুলিশের একটি দল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হয়। পুলিশ ফোন করে ছাত্রলীগের নেতা-কর্মীদের ডেকে আনে। ছাত্রলীগের ২৫-৩০ জন নেতা-কর্মী অধ্যক্ষের কার্যালয়ে যান। ছাত্রলীগের এক নেতা অধ্যক্ষকে বলেন, তাঁদের কিছু ছেলেমেয়েকে ভর্তি করাতে হবে। মেধাতালিকার বাইরে কাউকে ভর্তি করানোর সুযোগ নেই বলে জানালে ছাত্রলীগের নেতা তৌহিদুর রহমান অধ্যক্ষকে বলেন, ‘আপনার সঙ্গে আমাদের কথা আছে, যা সবার সামনে বলা যাবে না।’ পরে অধ্যক্ষ এবং ছাত্রলীগের কয়েকজন নেতা পাশের একটি কক্ষে গোপন বৈঠক করেন৷ বৈঠক শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা চলে গেলে পুলিশের উপস্থিতিতে পুনরায় ভর্তি কার্যক্রম শুরু হয়৷
এ ব্যাপারে জানতে চাইলে এমএম কলেজের অধ্যক্ষ এস এম এবাদুল হক বলেন, পুলিশ ও ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতাদের হস্থক্ষেপে ঘণ্টা খানেক পরে বিষয়টির সুরাহা হয়েছে। গোপন বৈঠকের ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, বৈঠকে ছাত্রলীগের নেতারা তাঁদের পছন্দের প্রার্থীদের অপেক্ষমাণ তালিকা থেকে মেধাতালিকায় আনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রওশন ইকবাল বলেন, ‘আমরা অধ্যক্ষের কাছে গিয়ে আমাদের কিছু ছেলেমেয়ে ভর্তির কথা বলি, কিন্তু অধ্যক্ষ বিষয়টির কোনো গুরুত্ব দেননি। যে কারণে ছেলেরা উত্তেজিত হয়ে কিছুক্ষণের জন্য ভর্তির কাজ বন্ধ করে দেয়।’ জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুর রহমান বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের ২০-২২ জন ভাইবোন রয়েছে। মেধাতালিকায় তাদের নাম আসেনি। ছাত্রলীগ হিসেবে আমাদের তো একটা দাবি আছে৷’
কলেজ সূত্রে জানা গেছে, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে গতকাল সোমবার থেকে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে৷ ৩০ জুন পর্যন্ত চলবে। কলেজে বিজ্ঞান বিভাগের দুটি শাখায় ৩০০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭৫টি আসনে শিক্ষার্থীদের ভর্তি করা হবে৷
যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মিরাজ আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে গিয়ে দেখি ভর্তি কায়ক্রম বন্ধ রয়েছে৷ পরে ছাত্রলীগের নেতা-কর্মীদের ডেকে সমস্যার সমাধান করা হয়।’
প্রত্যক্ষদর্শী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা ভর্তি কমিটির সদস্যদের কাছে গিয়ে ভর্তির জন্য কোটা দাবি করেন। বোর্ডের নতুন ভর্তিপদ্ধতিতে মেধা তালিকার বাইরে ভর্তির সুযোগ নেই বলে কমিটির সদস্যরা তাঁদের জানান। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। ১৫ মিনিট পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের মধ্যস্থতায় ভর্তি কার্যক্রম শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে ভর্তি কমিটির এক সদস্য বলেন, ‘ভর্তির ক্ষেত্রে ছাত্রলীগের ছেলেরা কিছু আসন দাবি করেছিল। কিন্তু আমরা তাদের বুঝিয়ে বলেছি এর কোনো সুযোগ নেই। এ সময় ১০-১২ মিনিট ভর্তি বন্ধ ছিল।’
ছাত্রলীগের নগর কমিটির সহসভাপতি অহেদুজ্জামান ও গোপাল সাহা ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন৷